রূপালী প্রতিবেদক, যশোর
যশোরের ঐতিহ্যবাহি শিক্ষাপ্রতিষ্ঠান আমিনিয়া আলীয়া (কামিল) মাদরাসার নিয়মিত গভর্নিং বডির সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটির সাবেক উপাধ্যক্ষ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম চেম্বার জজ আদালতের আপীল নং ১৫৪১/২০২৬ এর আদেশ বলে পুনর্বহাল হয়েছেন।
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা-এর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে মনোনয়ন দেওয়া হয় গত ২৩ এপ্রিল। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ফাহাদ আহমদ মোমতাজী এবং সহকারী রেজিস্ট্রার মোঃ শাহ নেওয়াজ স্বাক্ষরিত এক পত্রে (স্মারক নং- ইআবি/রেজি/প্রশা/কা.গ.ব/খ-৬৭/২০২০/৫০০) এ তথ্য নিশ্চিত করা হয়। কিন্তু মাদ্রাসা কর্তৃপক্ষ এই নিয়োগ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রীট করে বিশ্ববিদ্যালয়ের নিয়োগ আদেশ স্থগিত করেন। মাওলানা মুহাম্মদ নূরুল ইসলাম হাইকোর্টের আদেশ চ্যালেঞ্জ করে চেম্বার জজ আদালতে আপীল করেন। এর প্রেক্ষিতে চেম্বার জজ আদালত ১৭ জুন হাইকোর্টের আদেশ স্থগিত করায় তিনি সভাপতি পদে পুনর্বহাল হলেন।
প্রসঙ্গত, ১৯৫২ সালে প্রতিষ্ঠিত যশোর আমিনিয়া কামিল মাদরাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন মাওলানা নূরুল ইসলামের পিতা মাওলানা মোঃ মোস্তফা। পিতার স্মৃতিবিজড়িত এই প্রতিষ্ঠানেই ইবতেদায়ী (প্রাথমিক) স্তর থেকে মাওলানা মুহাম্মাদ নূরুল ইসলামের শিক্ষাজীবনের হাতেখড়ি হয়। ১৯৭৬ সালে তিনি কৃতিত্বের সাথে এই মাদরাসা থেকে ফাজিল (স্নাতক) সম্পন্ন করেন। তবে সে সময় প্রতিষ্ঠানটিতে কামিল কোর্স চালু না থাকায় তিনি ঢাকার সরকারি মাদরাসা-ই-আলিয়া থেকে ১৯৭৮ সালে কামিল (স্নাতকোত্তর) ডিগ্রি অর্জন করেন।
কামিল পাসের ফলাফল প্রকাশের পরপরই ওই বছর (১৯৭৮ সালে) তিনি নিজের শৈশবের বিদ্যাপীঠ আমিনিয়া মাদরাসায় শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০১ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৪৩ বছরের সফল শিক্ষকতা ও প্রশাসনিক দায়িত্ব পালন শেষে ২০২১ সালের ৩১ মার্চ তিনি এই প্রতিষ্ঠান থেকেই অবসরে যান।