রূপালী ডেস্ক
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার ইনস্টিটিউট অডিটোরিয়ামে নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের আয়োজনে দ্বিতীয়বারের মতো জুলাই দিবস পালিত হয়েছে। শনিবার সন্ধ্যায় আয়োজিত এ অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মো. আশিকুল ইসলাম ও তারিকুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।
বক্তব্যে তিনি গণভোটের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, “গণভোটের দাবির পক্ষে ৭১ শতাংশ মানুষের যে রায় রয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।” তিনি আরও বলেন, "বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে ছাত্র-জনতার আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হবে। সরকারকে সরকারি দল ও বিরোধী দলকে সমান দৃষ্টিতে দেখতে হবে।"
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর অভয়নগর উপজেলা আমীর সরদার শরিফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির সরদার মোঃ শরীফ হোসেন, সেক্রেটারি অধ্যাপক মহিউল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ মতিয়ার রহমান, নওয়াপাড়া সার, সিমেন্ট ও খাদ্যশস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ আব্দুল গণি সরদার, সাধারণ সম্পাদক আলহাজ শাহ জালাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
নওয়াপাড়া সাংস্কৃতিক সংসদের সভাপতি মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া জুলাই আন্দোলনের বিভিন্ন স্মৃতিচিত্র নিয়ে একটি আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়, যা দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।