রূপালী ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আজ শনিবার (৯ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এই প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, "গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মো. মুরসালিন এবং একই ইউনিয়নের মধুপুর গ্রামের নবীর হোসেনকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডের ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং তীব্র নিন্দা জানাচ্ছি।"
তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই কঠিন শোক সইবার শক্তি দান করুন।"
বিবৃতিতে জামায়াত নেতা অভিযোগ করেন, বিএসএফ বাংলাদেশ সীমান্তে প্রায়ই বিনা কারণে হত্যাকাণ্ড ঘটাচ্ছে। সীমান্ত হত্যা শূন্যের কোঠায় নামিয়ে আনার জন্য ভারত বারবার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার কোনো প্রতিফলন দেখা যাচ্ছে না, বরং হত্যাকাণ্ড বেড়েই চলছে।
তিনি আরও বলেন, "ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশিদের এই অন্যায় হত্যাকাণ্ডের বিচার না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। মূলত বর্তমান সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির সুযোগ নিয়েই ভারত বারবার সীমান্তে এমন হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে।"
মিয়া গোলাম পরওয়ার অবিলম্বে মো. মুরসালিন ও নবী হোসেনসহ সীমান্তে সংঘটিত সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানান। একই সাথে দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনি ব্যবস্থা গ্রহণ এবং সীমান্ত হত্যা চিরতরে বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি জোর আহ্বান জানান।