ডাকবাংলা (ঝিনাইদহ) প্রতিনিধি :
ঝিনাইদহ সদর উপজেলার যাদবপুর গ্রামে দিনে-দুপুরে একটি বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা চুরির অভিযোগ উঠেছে।
যাদবপুর গ্রামের বাসিন্দা কোরবান আলী ও তাঁর স্ত্রী জানান, শনিবার আত্মীয় পরিচয়ে শিরিনা নামে এক নারী তাঁদের বাড়িতে আসেন। এসময় পরিবারের অন্য সদস্যরা বাড়িতে ছিলেন কিন্তু, তিনি এবং তার স্ত্রী বাড়িতে ছিলেন না। একপর্যায় শিরিনা ওই বাড়ি থেকে ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ দেড় লাখ টাকা নিয়ে চলে যান। ভুক্তভোগী পরিবার বলছেন, অভিযুক্ত শিরিনা চুয়াডাঙ্গা সদর উপজেলার বলগাছি গ্রামের মিলন মিয়ার স্ত্রী।
এ বিষয়ে ভুক্তভোগী কোরবান আলী মধুহাটী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়ুব আলীকে বিষয়টি জানান। প্যানেল চেয়ারম্যান আয়ুব আলী বলেন, ‘আত্মীয়তার সুযোগ নিয়ে শিরিনা নামে ওই নারী কোরবানের বাড়ি থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে গেছেন বলে অভিযোগ পেয়েছি।’
এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন কোরবান আলী।