এম.এ জলিল, অভয়নগর (যশোর) :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহর উদ্যোগে আলোচনা সভা, দোয়া মাহফিল ও প্রীতিভোজ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ অক্টোবর) জুমার নামাজের পর প্রার্থীর নিজ বাসভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অভয়নগর উপজেলা জামায়াতে ইসলামীর আমির সর্দার শরীফ হোসেন এবং সঞ্চালনা করেন মুজাহিদুল ইসলাম।
আলোচনা সভায় কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহ বলেন, আগামী পৌরসভা নির্বাচনে জয়-পরাজয় যা-ই হোক না কেন, আমি সবসময় এলাকার মানুষের পাশে থাকতে চাই। ওয়ার্ডের উন্নয়ন ও মানবসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে আজীবন সক্রিয় রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। সভায় এলাকার উন্নয়ন, জনসেবা এবং আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থীর ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রিন্সিপাল খায়রুল বাশার শহীদ, ডা. জুলফিকার আহমেদ, নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এমএম নজরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী মোজাফফর আহমেদ লাল্টু, হাদীউজ্জামান রবি, শাহীন রেজা, ডাচ্-বাংলা ব্যাংকের কর্মকর্তা মনির হোসেন এবং ৪ নম্বর ওয়ার্ডে জামায়াত মনোনীত কাউন্সিলর প্রার্থী ফজলুর রহমান শেখ।
এছাড়া অনুষ্ঠানে ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর প্রার্থী সাইদুজ্জামান সাগর, মোল্যা হাবিবুর রহমান আতিয়ার রহমান বাবু, কাজী বাবলুর রহমান মোল্যা আজিজুর রহমানসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। আলোচনা ও দোয়া মাহফিল শেষে কাউন্সিলর প্রার্থী মাসুম বিল্লাহর উদ্যোগে চার শতাধিক মানুষের অংশগ্রহণে এক প্রীতিভোজের আয়োজন করা হয়।