এম.এ জলিল, অভয়নগর (যশোর) :
যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে জনসচেতনতামূলক র্যালি ও লিফলেট বিতরণ করা হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) বেলা ১১টায় নওয়াপাড়ার এলবি টাওয়ার থেকে র্যালিটি শুরু হয়ে নওয়াপাড়া বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা আমীর সর্দার শরীফ হোসেন। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মহিউল ইসলাম, নওয়াপাড়া পৌরসভার মেয়র প্রার্থী মো. গোলাম মোস্তফা, পৌর আমীর আলতাফ হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুল ইসলাম বাবুল, যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, নওয়াপাড়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ও ওয়ার্ড সভাপতি ফজলু শেখসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিতে ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, জমে থাকা পানি অপসারণ এবং মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে জনসাধারণকে সচেতন করা হয়।
আয়োজকেরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা জরুরি।